Thursday, 20 February 2020

বেবী সাউ




ফাগুনিয়া


১ 

একা এক নিঃসঙ্গতার মাঝে কিছু দানা ছড়িয়ে দাও রোজ 

বিকেলের পোড় খাওয়া রোদ চা খেতে খেতে সেই গল্প শোনে
শোনে,  একটা বাসস্থান গড়ে তুলতে হলে সংগ্রহে চাই কিছু মৃত গাছ, ডালপালা এবং কিছু বন্যপ্রাণীর হাড় এবং মাংস 

সংগ্রহে রাখা চাই পুব ও পশ্চিম কোণের মানচিত্র 
একটা বিরাট সূর্যে রোজ অস্ত যাওয়ার মতো অবসর

তোমার চোখ জ্বলজ্বল করে ওঠে,  মুখে এসে জমা হয় হাজার বছরের লালা, থুতু, কফ... 

এসব লোভনীয় প্রস্তাব তোমাকে কেউ কখনও দিতে পারে নি
ভেবেই, রোমাঞ্চ জাগে...

আরও নিঃসঙ্গতার দিকে হেঁটে যাও তুমি...




কোনকিছু ভালো লাগে না যখন
ধীরে ধীরে জাগি 

আলতার শিশি খুলে বসি 

সূর্যাস্ত নামে পরিচিত জলে 

কতদিন পরে মৃতের খোলস ভেঙে 
জেগে ওঠো তুমি 

মমির বেশে




কেউ কখনও কাঁদেনি আমার জন্য 

অসংখ্য মৃতের পাশে ঝরা পাতার উৎসব গেঁথে গেছে শুধু

মেঘের কাছে হাত পাততে পাততে 
পাখির ডানা চাওয়া বারবেলা
আর ডাঁসা পেয়ারার লোভে 
শুকনো অবগাহন রেখে আসি 

গাছের কাছে

আগুনে ঝলসে ওঠে শূকরের শব
মিশরীয় স্থাপত্যে ভাসে দিন 
রাত 
নির্মেদ কোলাহল  

গোপন সুড়ঙ্গ জুড়ে শঙ্খচূড়-শিস 
শূন্যতা ইতিহাস খেলা করে 

বিদ্ধ করো হে তথাগত !

আমি স্নান সেরে উঠি

4 comments:

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে