একুশে
১.
কাঁটাতারে অক্ষর কেটে যায়,
অক্ষরে অক্ষতদেহ ঝুলে থাকে,
ভাষারক্ত বিষাদ, এসব মাটির দোষ,
সীমানারেখায় লেগে থাকা অসুখের গ্রাম,
নিষাদঅঞ্চল, হারায় হারায়...
কোথা থেকে দলে দলে এসে
মিশে যায় একলা বাতাস,
এই মেঘ নেমে এসেছে দীঘির জলে,
এই দীঘির ওপার জুড়ে
আমাদের না বলা দশক...
২.
আমাদের কত প্রেম থেকে গেছে
পুরাতন গ্রামে,
ফেলে আসা ভাষার শহরে
বিবাদে দখলে, ছেঁড়া কাগজে, কাপড়ে,
শিমুলগাছের ছায়াতলে,
ভাঙা কুয়ো আর পুকুর পারের ঘোলাজলে,
স্নান হারানো বালিকার চুলে
দুপুর গড়ানো ছাদে, কত প্রেম আমাদের
থেকে গেছে প্রিয় ভাষার আড়ালে...
৩.
শব্দের নিচে যে অন্ধকার লেগে থাকে,
সেখানেই ভাঙা ঘাতক চিহ্ন
ভেদাভেদ ছিঁড়ে রাখি
এই পালিয়ে হারিয়ে যাওয়া
ফুরোনো একলা করুণ সন্ধ্যায়,
বাংলাসরণী ধরে বিষণ্ণ হাঁটে
আমাদের নিঃস্বপ্রমাদ।
ভাষায় আঘাত লাগে,
দেখাহীন চেয়ে আছি প্রেম।
দেশকাল ভাগ হয়ে যায় আমাদের,
আমরা আলাদা আলাদা ঘুমের ভেতর
নেমে আসি...

No comments:
Post a Comment