Wednesday, 19 February 2020

সুকৃতি





ঘোরের ভিতরে



একটা ঘোরের মধ্যে ঢুকিয়ে নিয়েছো।
ঘন ঘনঘোর… জানলা, দরজা বন্ধ সব;
ঘুলঘুলি… তাও নেই ওপরে কোথাও!
তবুও ঢুকিয়ে নিলে কেমনে আমারে তুমি বলো?

এখানে লাইট নেই, ফ‍্যানও… 
দেওয়ালেরও কান নেই! তবু 
বেঁচে আছি নেশার উপরে। তুমি জানো
হৃদয়ে যাচিত ফল পরোয়া করে না গন্ধকের!

মাঝেমাঝে অঘটন ঘটে যাওয়া ভালো
পুরোহিত মনে হয় নিজেকে তখন 
পুজোর আসনে বসে সামান্য মধুর
লোভে যেই হরমনে জ্বলে ওঠে মোম।

এমন ঘোরের দিনে নুনও চিনির মতো লাগে ,
তোমাকেও ভালো লাগে নদী।
আরও ডুবে যেতে ভালো লাগে,
নদীর ঘুঙুরে বাজে হাল ধরে বসে থাকা মাঝি।

কেবলই ঘটাতে চেয়ে যাবতীয় যতো অঘটন
পতঙ্গে রেখেছি জিভ, গরমে দিয়েছি জোরে ঘাই।

দেওয়াল এগিয়ে এসে চেপে চেপে ধরে শুধু কল,
সুরোধ্বনি বেজে ওঠে পাইপে পাইপে, 
বিস্ফোরণ ফিসফাস করে 
আগুনের সাথে বলে কথা, সময়টা

সঙ্গ দিচ্ছে না তবুও, জালিয়াতি অন্ধকার 
অন্ধ করে না এখন, পেছনে মারে না লাথি। 
আমিও ব‍্যাঙের মতো লাফিয়ে মরি না ভয়ে, 
শীতেও করি না অনশন…



No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে