পেঁপেগাছের
দুধ
তরুণ পেঁপে
তরুটি, পিচ্ছিল-মসৃণ
কচি ডাল
চুলের কাঁটার
মতো মাথায় গুঁজে লাফিয়ে বাড়ে,
মুখে ভাঙে বোল, খসছে স্বরবর্ণের খোলস, ছাল
ব্যস্ত
যোগচিহ্ন রাস্তা, চারপাশে থরে থরে সেজেছে
লাল নীল সবুজ
হলুদ, যেন লুডুছক-বাড়ি
সবুজ বাড়ির
কোণে ঝোপে একা, বাতাস কেঁপেছে
আধোবোলে... প্লুতস্বর... ঘুচিয়ে কারা চলে গিয়েছে
পটপট ভেঙে
দিয়ে তরুণ পেঁপের ফাঁপা নল
সাদা দুধ ঝরে যায়, যেন কান্না, বিটপে মুছেছে---
আমার মা
ঠাকুমার ভাষার নরম পেঁপে তরু
ফলের খোদলে যার
বহু বহুবীজ কারখানা
নিষেধ
সত্ত্বেও উৎপাদন হাঁটছে যেদিকে মরু
পাকা পেঁপে
তুলে দিই আমার দুই পুত্রের পাতে
নিহিত খনিজে
হাড় শক্ত হোক আগামী প্রভাতে

No comments:
Post a Comment