২ রা ফাল্গুন লিখিত কবিতা
আজকের রোদে জলে চুবানো পচা পাটের ঘ্রাণ লেগে আছে।
আর গন্ধের ভিতর দিয়ে কুমারী মায়ের সিঁথির ভিতর পৌঁছে যাচ্ছে যুবক বাবার
গায়ে হলুদের বেলা!
খন্ড খন্ড জমে আছে মাছের আঁশের সুদূরগাছের
বটঠাকুর ঘাট।
জলের ভিতর ছোট ছোট পানার টোপর পরে নেচে যাচ্ছে পোনামৎস্যের ঝাঁক।
ভূতে পাওয়া গাছের কাছে গয়নাগাটি ফেলে নিরাভরণ সন্ধ্যাকাকিমা নামছেন শাড়ি গুটিয়ে।
পিতামাতার প্রথম রাতে আশীর্বাদ করেন পাখিতে চড়া দেবতার ছাওয়াল।
রান্নাঘরের মেঝেয় বাসরশয্যা, মাটির দেওয়ালে গৌরসুন্দর আঁকা।
মায়ের কান্না আঁকা মুখ বিষ্ণুপ্রিয়া! বিষ্ণুপ্রিয়া!
কয়েকটি গল্প পড়া মা ভাবছেন, পিতার তাঁতযন্ত্রবুকের দিকে চেয়ে,আমি যদি গৌরীদেবী,উনি কি আমার বিভূতিভূষণ?
এ ভাবনার ভিতর বাস্তুফণা জ্বেলে আনন্দে শুয়ে থাকছে সংসারের মঙ্গলসাপ।

No comments:
Post a Comment