তাহাদের নাম আত্মীয় হোক
অন্ধকার প্রগাঢ় হোক
শিকড় থেকে মুছে যাক পিতার নাম
শাখা ও প্রশাখায় আটকে থাকা কিছু পালক
অভাব নয় স্বভাবের দোষে মৃত
হে সম্পর্ক জীবিত হয়োনা আর
কেউ এসে তপ্ত কপালে হাত রাখো দেখো হে অতীত
আমিও পুড়েছি খুব
কখনো বুঝিনি জলের স্পর্শ
কতটা নরম হতে পারে
আজ যারা আগুন ছুঁয়েছে আর শিকড়ের গোড়া থেকে একটি মাত্র শ্বাস
দীর্ঘ থেকে দীর্ঘতর হল....
যারা নরম বোঝেনি যারা মৃতদেহ থেকে চুল উপড়ে নিয়ে বোঝা হাল্কা করেছে অনর্থক
তাহাদের নাম আত্মীয় হোক

No comments:
Post a Comment