Wednesday, 19 February 2020

সঞ্জয় চক্রবর্তী





দেখেছ কী মনপাখি 

রক্তপাতের গ্রীবায় ভোরের লাল সূর্যটাকে অস্থির দেখি ।
নব নিযুক্তা আমার একমাত্র কোকিল পাখি,
তার বাসা নেই,
স্বরচিত গল্পপাঠের আসরে, সে তার মর্যাদা হারিয়েছে ।

বাৎসরিকের মহাভারতে বাহবা কুড়িয়েছিল যে রণ,
আজ বেহিসেবী তার সন্ধ্যাতারাটি ।
দেখেছ কী মনপাখি ?
কুশাসনে এসে বসেছে দুর্যোধন ।

জীবনের সূচি এলোমেলো,
মেঘ পরিযায়ী হয়ে
উত্তরের প্রতীক্ষায় যে হিতৈষিণী গতকাল জেগে ছিল,
বীজ-জন্মের বিদ্যুৎপ্রবাহে আজ তার অস্ত ঘনাল ।
অসহায় নীল অশ্বের মতো ধুলো ধূসরিত,
সন্ন্যাসবেশী অর্জুন, আর তার ধনুকভাঙা পণ ।

রাতের অন্ধকারে
নদীস্নানে ভেজা শরীর পাওয়ার ছলে
পবিত্র হওয়ার বাহানাও করতে পারে কোনো কামিনী ।

কর্তব্যের সাতরঙে অনেকেই ঝরনা ফুটিয়ে তোলে,
সাথীহারা কিশোরীর চোরাস্রোত হয়েছিল যে আব্রু-সমন,
আজ বেহিসেবী তার সন্ধ্যাতারাটি ।
দেখেছ কী মনপাখি ?
কুশাসনে এসে বসেছে দুঃশাসন ।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে