Wednesday, 19 February 2020

রাজদীপ ভট্টাচার্য





নারীজন্ম

সুডৌল রাত্রি থেকে মুছে যাচ্ছে নদীর ইতিহাস
পল্লী বসতি জুড়ে ইঁটভাটা বাহারি বাগান
হিমঘরে স্তূপাকার রাঙতার রঙিন জলছবি
বালিশে তোশকে কিছু গোঙানি ও গোপন প্রতিরোধ
এভাবেই গড়ে ওঠে কালভার্ট, গভীর নলকূপ
সড়ক যোজনা পথ, সুসজ্জিত পঞ্চায়েত ভবন
টিভি আসে ঘরে ঘরে সাথে নিয়ে কেবলের তার
স্মার্টফোন, এ জগৎ জুড়ে দেয় তরঙ্গের জাল
নদীর শরীরে আজ মেছোভেড়ি, নাবাল ধানজমি
প্রাচীণ জলধারা ছেঁড়া ছেঁড়া পুকুরের সারি
তবু আজও কদাচিৎ কৃষকের লাঙলের ঘায়
উঠে আসে অতীতের সামুদ্রিক নৌকার খোল
অঝোরে বর্ষা এলে ভেসে যায় দুপাড়ের গ্রাম
সব শোক শুষে নেবে এমন আঁচল পাবো কই!
গাঁওবুড়ো আজকাল ভুলে যায় শৈশবের কথা
বিড়বিড় করে মরে, কি যে ছিলো নদীটির নাম?

1 comment:

  1. অদ্ভুত মায়াময় বুনন, অনন্য নির্মাণ।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয় - ' রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে'

' দরকার পড়লে আমি খুব প্রাদেশিক/ রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে' - বলেছেন কবীর সুমন। সত্যি কথা বলতে কী, রাষ্ট্র-এর ধারণাট...

পাঠকের নজরে