আড়ি
কড়ে আঙুলের দিব্যি
সেদিন ঝড়ের কাছে মাথা পেতেছিলাম
আর রুহ, আমার বলক ওঠা আঠা
হাত নাড়তে নাড়তে সাপযোনী পথ বেয়ে
পাহাড়ের নিচে নেমে গিয়েছিলো
ঝাপসানো পাইনের বৃষ্টি পা গড়িয়ে
পাথরের রূপ খেলে যাচ্ছিলো
রুহ, ওহ রূহ, ওহ ওহ রুহ ঘোড়ার সন্তান
টগবগে খুরের জুতো ও কোঁকড়া কেশর
খুব নীল হাওয়ার বেদমে ঝাপটা খেয়েছে
পাহাড়ি হারমোনিয়াম হঠাৎ বেজে হঠাৎ
থেমেছে
এহ রুহ, বোতামের ঘর এলোমেলো পাকদণ্ডী
উফ পশমিনা মানছে না ঝড়ো শীত
বরফি সাদা আর চৌকো সংলাপ কাঠের বাড়িতে
জমে উঠছে তুষারমেয়ে এবং কুঁজো বামনদের
গল্প
আঁচ জ্বালিয়েছি সামান্য আগুন কাঁপছে
ফায়ারপ্লেসে
তার সঙ্গে একা ছায়া কাঁপুনির চালে
জবুথবু
ফিরে আয় চিনিছাড়া কালো কফি খাবো একসাথে
আর
করে আঙুলের দিব্যি ভাবের দরজাখানা
গড সেক অলওয়েজ খোলা রেখে দেবো

No comments:
Post a Comment