ঘরানা
প্রত্যেক সেলুনের
নিজস্ব একটা আবহ সঙ্গীত থাকে
যা ছোট বড়ো, বিভিন্ন কাঁচির
অপূর্ব কম্পোজিশন
চুল কাটতে গিয়ে-
চোখ বুজে, মগ্ন হই তাতে...
আমার প্রিয় সেলুনটিতে
দু’চার’জন বাদক আছে
যাদের অদ্ভুত ছন্দ কুশলতায়-
যেমন ঝরে পড়ে কুচো কুচো চুল
তেমনই সুমধুর সঙ্গীত সুধা
এদের প্রত্যেকেরই
আলাদা আলাদা ঘরানা-
কেউ মাইহার
তো কেউ কিরানা
আমি এদের বিলক্ষণ চিনি
সেই দাড়ি গোঁফ গজিয়ে ওঠা-
নরম সোনালী দিন গুলির
সন্ধিক্ষণ থেকে-
আজ এই ঝরে পড়া
কাঁচা পাকা চুল অবধি
আমি সেই শ্রোতা
টিকিট কাটতে না পেরে
ডোভার লেনের গেটে বসেই-
চোখ বুজে বলে দিতে পারি
এবার বাজছেন আলি আকবর
এবার শুনছি চৌরাসীয়া...

No comments:
Post a Comment